স্বামী থাকা অবস্থায় স্ত্রীর দ্বিতীয় বিয়ে! এর পরিণতি কত ভয়াবহ হতে পারে?

মেয়েটি স্বামী সন্তান ফেলে গোপনে আরেক পুরুষকে বিবাহ করেছে। পুরুষটির সঙ্গে মেয়েটির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। যদিও তিনি বুঝতে পারেন নাই, মেয়েটি বিবাহিত। তাদের বিয়ের পর পুরো ঘটনাটা ফাঁস হয়ে যায়। সম্প্রতি নতুন দম্পত্তির দুজনেই পুলিশের কাঠগড়ায় বন্দি। ভয়াবহ অবক্ষয়ের এই গল্প যেন এখন অতি সাধারণ, অতি পরিচিত হয়ে উঠেছে!

আরও একটি ভয়াবহ তথ্য হচ্ছে, এমন কয়েকজন মেয়ের সাথে আমার যোগাযোগ হয়েছে ভিন্ন ভিন্ন সময়ে। তারা আমার কাছে আইনসেবা চেয়েছে। সেই সময়ে, আমি প্রত্যেককে একই প্রশ্ন করেছিলাম। ”আপনি কি জানেন, স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে, আপনার কী শাস্তি হতে পারে?” প্রত্যেকেই একই উত্তর দিয়েছে।

তারা জানেন, এটা নিষিদ্ধ; কিন্তু শাস্তি সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা নেই। উল্টো আমাকেই কেউ কেউ প্রশ্ন করেছেন, ‘স্বামী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করলে এর পরিণতি আর কতই-বা কঠিন হতে পারে? পুরুষের ক্ষেত্রে তো বহুবিবাহের সুযোগ আছেই, তবে নারীর ক্ষেত্রে কেন কঠোর নিয়ম হবে?’

হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মুসলিম নারীর জন্য বহুবিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এটি একটি গুরুতর অপরাধ। সামান্য ভুল ধারণা বা আবেগের বশে নেওয়া একটি সিদ্ধান্ত একজন নারীকে কত বড় আইনি বিপদে ফেলতে পারে, তা জেনে নেওয়া আবশ্যক। চলুন, এই বিষয়ে বাংলাদেশের আইন কী বলছে এবং একজন নারীর ক্ষেত্রে এর পরিণতি কী, তা স্পষ্ট করে জেনে নেওয়া যাক।

আইনগত ব্যাখ্যা: স্বামী থাকা অবস্থায় নারীর দ্বিতীয় বিয়ে ও শাস্তি-
বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, স্বামী জীবিত ও বিবাহ বন্ধন বিদ্যমান থাকা অবস্থায় একজন নারী আরেকটি বিয়ে করতে পারেন না।

মুসলিম নারীর জন্য বহুবিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ- মুসলিম পুরুষের জন্য শর্তসাপেক্ষে বহুবিবাহের সুযোগ থাকলেও, মুসলিম নারীর জন্য বহুবিবাহের কোনো সুযোগ নেই। তালাক কার্যকর না হওয়া পর্যন্ত প্রথম বিবাহ বলবৎ থাকে।

আইনের রেফারেন্স ও শাস্তি:

দণ্ডবিধি, ১৮৬০ (ধারা ৪৯৪): স্বামী বা স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও এবং সেই বিবাহ বলবৎ থাকা অবস্থায় যদি কেউ আবার বিবাহ করে, তবে তা দ্বী-বিবাহ (Bigamy) নামে পরিচিত এবং এটি একটি গুরুতর অপরাধ। এই ধারায় শাস্তি হলো সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা।

দণ্ডবিধি, ১৮৬০ (ধারা ৪৯৫): যদি কোনো নারী তার পূর্বের বিবাহের তথ্য গোপন রেখে দ্বিতীয় বিবাহ করেন, তবে শাস্তি আরও কঠোর হতে পারে, যা দশ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা।

বিবাহের পরিণতি: স্বামী বর্তমান থাকা অবস্থায় করা নারীর দ্বিতীয় বিবাহটি সম্পূর্ণরূপে অবৈধ (Void), অকার্যকর ও বাতিল বলে গণ্য হবে।

আপনার জন্য পরামর্শ:
আইনকানুনগুলো একই হলেও, প্রতিটি ঘটনার পেক্ষাপট সাধারণত ভিন্ন হয়। বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, তালাক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না এবং ইদ্দতকাল শেষ হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া আবশ্যক। আইনি সুরক্ষা নিশ্চিত করতে অবশ্যই একজন দক্ষ আইনজীবীর সাথে পরামর্শ করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top