অ্যাডভোকেট মমিনুল আলম রাসেল

এলএল.এম, এমবিএ, এমএ, ডিসিএপি
আইনি সুরক্ষা ও সচেতনতায় আপনার বিশ্বস্ত সহযোগী

আমি অ্যাডভোকেট মমিনুল আলম রাসেল। আইন পেশাকে আমি কেবল জীবিকা হিসেবে নয় বরং ন্যায়বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করার চুড়ান্ত মাধ্যম হিসেবে দেখি। আমি বিশ্বাস করি, শুধুমাত্র প্রথাগত আইনি সেবা একজন আইনজীবীর মূল লক্ষ্য হওয়া উচিত নয়। 

আইনের জটিল বিষয়গুলোকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করে তোলা এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করাও একজন আইনজীবীর অন্যতম দায়িত্ব। কেননা, একজন নাগরিক যখন তার আইনি সুরক্ষা সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন, তখনই সমাজে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয়।

সরাসরি আইন পেশায় যুক্ত হবার পূর্বে, আমি সুদীর্ঘ পঁচিশ বছরেরও বেশি সময় বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম। বাংলাদেশের অন্যতম প্রধান বহুজাতিক কোম্পানি, রবি আজিয়াটা লিমিটেডে রেগুলেটরি ও লিগ্যাল ডিপার্টমেন্টে দেড় দশক কাজ করার অভিজ্ঞতা আমার রয়েছে। 

আমি বাংলাদেশের জাতীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সরাসরি যুক্ত থেকে দেশের মানুষকে সেবা প্রদানের সুযোগ পেয়েছিলাম। সাইবার সিকিউরিটি ও ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ হিসেবে অপরাধী শনাক্তকরণে মোবাইল নেটওয়ার্কের কারিগরি তথ্য ও ডাটা বিশ্লেষণের মাধ্যমে আদালতকে নির্ভুল তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা করা আমার অন্যতম প্রধান দায়িত্ব ছিল। 

এছাড়াও ডিজিটাল ফরেনসিক ও স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিটিআরসির নির্দেশনা অনুযায়ী জাতীয় নিরাপত্তার স্বার্থে সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত এবং পেশাদারিত্বের সাথে আইনি ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের দীর্ঘ অভিজ্ঞতাও আমি অর্জন করেছি। রাষ্ট্রের আইন এবং গোপনীয়তার যথাযথ প্রটোকল মেনে স্পর্শকাতর তথ্যের ব্যবস্থাপনা এবং জটিল পরিস্থিতিতে আইনি সমাধান দেওয়া আমার কাজের অন্যতম বিশেষত্ব ছিল।

পেশাগত জীবনে একজন আইনজীবী হিসেবে রাষ্ট্রের প্রায় সকল আইন ও বিচারিক প্রক্রিয়া নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার রয়েছে। তবে দীর্ঘদিনের চর্চা এবং তার প্রায়োগিক অর্জিত সাফল্য আমাকে নির্দিষ্ট কিছু বিষয়ে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। সেই ধারাবাহিকতায় আমি নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে অধিক মনোনিবেশ করেছি এবং আমার প্রধান কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছি; যেন আমি আমার সর্বোচ্চ দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে মানুষকে সঠিক তথ্য ও সেবা দিতে পারি। 

পারিবারিক আইন

বিবাহ, বিবাহবিচ্ছেদ, দেনমোহর এবং সন্তানের অভিভাবকত্বসহ পারিবারিক জীবনের বিভিন্ন আইনি সংকট নিরসনে আমি দীর্ঘ সময় ধরে বিশ্বস্ততার সাথে কাজ করে আসছি। পারিবারিক সম্পর্কের এই জটিল বিষয়গুলোকে কেবল আইনি দৃষ্টিকোণ থেকে নয়, বরং মানবিক ও সামাজিক মূল্যবোধের আলোকে বিশ্লেষণ করে স্থায়ী ও কার্যকর সমাধান প্রদান করাই আমার প্রধান লক্ষ্য।

উত্তরাধিকার ও ফারায়েজ

পারিবারিক আইনি সেবার পাশাপাশি মুসলিম উত্তরাধিকার আইন (ফারায়েজ) সংক্রান্ত বিষয়ে পরামর্শ প্রদান করি। মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন, হিবা বা হেবা দলিল, উইল এবং সাকসেশন সার্টিফিকেট ব্যবস্থাপনার আইনি প্রক্রিয়াগুলো আমি অত্যন্ত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে সঠিক সমাধান দিয়ে থাকি।

সাইবার নিরাপত্তা ও টেলিকম

রবি আজিয়াটা লিমিটেডের সাবেক টেলিকম বিশেষজ্ঞ হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আমাকে ডিজিটাল অপরাধ এবং সাইবার সুরক্ষার আইনি ও প্রযুক্তিগত জটিলতাগুলো গভীরভাবে অনুধাবন করতে সাহায্য করেছে। প্রথাগত আইনি জ্ঞানের পাশাপাশি কারিগরি এই বিশেষ জ্ঞান আমাকে সাইবার অপরাধের জটিল বিষয়গুলোতে অধিকতর নির্ভুল ও কার্যকর আইনি পরামর্শ দিতে সক্ষম করে তুলেছে।

সাধারণ মানুষের জন্য আইনের বইসমূহ

আইনি সচেতনতা ছড়িয়ে দিতে আমি নিয়মিত লিখছি। আমার সদ্য প্রকাশিত বই 'যখন বিশ্বাস ভাঙে: আইনি পথ ও প্রতিকার' মূলত পারিবারিক ও আইনি সংকট থেকে উত্তরণের একটি গাইডলাইন। আইনের বইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, স্মৃতিকথা ও কবিতার একক বই এবং সংকলন নিয়মিত প্রকাশিত হচ্ছে। দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা 'ঐতিহ্য'-এর সাথে লেখক হিসেবে তিনি যুক্ত এবং ইতিমধ্যে তার ৭টি বই প্রকাশিত হয়েছে ।

জনসচেতনতা ও লেখালেখি

আইনের জটিল বিষয়গুলোকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমি বিভিন্ন পত্র-পত্রিকা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে নিয়মিত কাজ করছি। কেবল আইনি পরামর্শই নয় বরং একজন সচেতন নাগরিক ও লেখক হিসেবে আমি বিশ্বাস করি- সঠিক আইনি জ্ঞানই মানুষের সবচেয়ে বড় শক্তি। আমার এই দীর্ঘ প্রচেষ্টার একটি বিশেষ প্রতিফলন হলো আমার বইগুলো, যেগুলোতে আমি আইনি ও সামাজিক সংকটের গভীর বিশ্লেষণ এবং তা থেকে উত্তরণের পথ দেখানোর চেষ্টা করেছি।

‘লিগ্যাল গাইড বিডি’ তৈরির নেপথ্যে

বর্তমান ডিজিটাল যুগে তথ্যের সহজলভ্যতা থাকলেও সঠিক ও নির্ভরযোগ্য আইনি দিকনির্দেশনা খুঁজে পাওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং। অনেক ক্ষেত্রেই অসম্পূর্ণ বা ভুল তথ্য মানুষের আইনি সংকটকে আরও ঘনীভূত করে। সেই অভাব পূরণের অঙ্গীকার নিয়েই আমরা গড়ে তুলেছি ‘Legal Guide Bangladesh (BD)’। এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে আইনের জটিল বিষয়গুলোকে সহজবোধ্য করে তোলা এবং প্রতিটি পদক্ষেপে তাদের নির্ভুল তথ্য, বাস্তবসম্মত আইনি প্রতিকার ও পেশাদার পরামর্শ প্রদান করা।

আমরা দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি, অনেক সময় কেবল আইনি লড়াই দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব হয় না; বিশেষ করে আইনের সীমাবদ্ধতা বা দীর্ঘসূত্রতার কারণে অনেক ক্ষেত্রে মানুষ কাঙ্ক্ষিত অধিকার থেকে বঞ্চিত হয়। এমন পরিস্থিতিতে আমরা কেবল আদালতেই সীমাবদ্ধ নই, বরং সামাজিক ও পারিবারিকভাবে সেই অন্যায্য বিষয়গুলো প্রতিহত করার এবং নৈতিক ও সামাজিক সচেতনতা তৈরির ব্যাপারেও সমভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

Scroll to Top