আগের বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে!

এই রায় শুধু একটি দণ্ড নয়, এটি আইনি সচেতনতার এক গুরুত্বপূর্ণ দলিলও বটে। সম্প্রতি, একটি রায় আমাদের বর্তমান সমাজে চলমান মারাত্মক একটি প্রতারণার বিরুদ্ধে শক্ত বার্তা দিয়েছে।

আগের বিয়ে গোপন করায় দ্বিতীয় স্বামীর করা মামলায় এক বছর কারাদণ্ডের সাজা হয়েছে এক নারীর। বিয়ের কাজীকে দেওয়া হয়েছে দুই বছর কারাদণ্ড, সেই সঙ্গে তাঁর লাইসেন্স বাতিলের রায় দিয়েছেন আদালত, রায়টি এই ধরণের প্রতারণার বিচারে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

জাহিদ হাসান নামের এক কম্পিউটার প্রকৌশলীর করা প্রতারণার মামলায় ১৮ নভেম্বর, ২০২৫, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রায় দেন। দণ্ডিতরা হলেন- জাহিদের স্ত্রী মোছা. নুসরাত জাহান তাসনিম (২৬) এবং উক্ত বিয়ে পড়ানোর কাজী আবু মুসা আহম্মদ। কারাদণ্ডের পাশাপাশি উভয়কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তা দিতে ব্যর্থ হলে আরও এক মাস কারাভোগ করতে হবে তাদের।

আদালত আবু মুসা’র নিকাহ ও তালাক রেজিস্ট্রারের লাইসেন্স বাতিলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রংপুরের বাসিন্দা জাহিদ ২০২০ সালে ঢাকার আদালতে মামলাটি দায়ের করেছিলেন। তার তিন বছর আগে ২০১৭ সালের ১০ নভেম্বর এক লাখ টাকা দেনমোহরে নুসরাতের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় নুসরাতকে অবিবাহিত হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

এই রায় বহু মানুষকে চমকে দিয়েছে। কিন্তু কেন এই কঠোর শাস্তি? কাবিননামায় মিথ্যে তথ্য দিলে বা তথ্য গোপন করলে কী হতে পারে? আর কাজীরই বা কেন লাইসেন্স বাতিল হলো? চলুন, এই বিষয়ে আইন কী বলছে, তা স্পষ্ট করে জেনে নেওয়া যাক।

আইনগত ব্যাখ্যা: বিবাহ গোপন ও দ্বী-বিবাহের শাস্তি
আগের বিবাহ গোপন করে দ্বিতীয় বিবাহ করা একটি গুরুতর অপরাধ, যা প্রতারণা এবং দ্বী-বিবাহের পর্যায়ে পড়ে।

নারীর দ্বিতীয় বিবাহ ও শাস্তি: মুসলিম নারীর জন্য স্বামী থাকা অবস্থায় (তালাক কার্যকর না হলে) দ্বিতীয় বিবাহ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটি দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৪৯৪ (দ্বী-বিবাহ) এবং ধারা ৪২০ (প্রতারণা)-এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ।

শাস্তি: এই রায়ে নারীকে দণ্ডবিধির অধীনে শাস্তি দেওয়া হয়েছে, যা প্রমাণ করে যে, এই ধরনের ক্ষেত্রে স্বামীর অভিযোগ প্রমাণিত হলে নারী সাত বছর পর্যন্ত যেকোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া পূর্বের বিয়ের তথ্য গোপন করলে ৪৯৫ ধারায় আওতায় দশ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

কাজীর দায়িত্ব ও শাস্তি: যদি কাজী বা নিকাহ রেজিস্ট্রার জেনে শুনে বা যথাযথ যাচাই না করে এই অবৈধ বিবাহ রেজিস্ট্রি করেন, তবে তিনি মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন, ১৯৭৪ অনুযায়ী তাকেও শাস্তির সম্মুখীন হতে হবে এবং তার লাইসেন্সও বাতিল হতে পারে।

আপনার জন্য পরামর্শ:
আইনকানুনগুলো একই হলেও, প্রতিটি ঘটনার পেক্ষাপট সাধারণত ভিন্ন হয়। বিবাহ সংক্রান্ত প্রতারণা বা আইনি জটিলতা দেখা দিলে, সঠিক ধারায় মামলা করতে অবশ্যই একজন দক্ষ আইনজীবীর সাথে পরামর্শ করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top