আগের বিয়ের কথা গোপন রেখে নতুন করে ঘর বাঁধছেন? সাবধান! একটি গোপন তথ্য আপনার সুন্দর নতুন জীবনকে জেলে পাঠাতে পারে।
বিয়ে প্রসঙ্গে, সায়মা নামে এক ভদ্রমহিলার সাখে কথা হচ্ছিল আজ। এটি তার দ্বিতীয় বিয়ে। সায়মা আগে তালাকপ্রাপ্ত ছিলেন, কিন্তু দ্বিতীয় বিয়ের সময় ছেলের পক্ষ থেকে এবং নিজের আত্মীয়দের চাপে কাবিননামায় তাকে ‘কুমারী’ হিসেবে উল্লেখ করা হয়।
বর্তমানে তার দ্বিতীয় স্বামীর সাথে বনিবনা হচ্ছে না। যদিও স্বামী সায়মার কাবিননামায় এই ব্যাপারটি জানতেন। কিন্তু এতোদিন সবকিছু ঠিকঠাক থাকায় কোন সমস্যা হয়নি বা তিনি এটাকে আমলে নেননি। কিন্তু হায়, আজ যেন সেটাই তার মোক্ষম অস্ত্রে পরিণত হলো। ইদানিং কথায় কথায় সায়মার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা করার হুমকি দিচ্ছেন। সায়মা এখন আইনিভাবে অত্যন্ত দুর্বল অবস্থানে আছেন, কারণ তিনি জেনেবুঝে কাবিননামায় ভুল তথ্য দিয়েছিলেন।
এই অগোচর বা অজ্ঞাতসার অথবা অজ্ঞতার পরিণাম কত ভয়াবহ হতে পারে, জানুন বিস্তারিত।
আমাদের সমাজে অনেক সময় দেখা যায়, তালাকপ্রাপ্তা বা বিধবা নারীদের বিয়ের সময় ‘ভালো ঘর’ পাওয়ার আশায় বা লোকলজ্জার ভয়ে আগের বিয়ের কথা গোপন করে তাকে ‘কুমারী’ হিসেবে রেজিস্ট্রি করা হয়। এটি একটি ভয়াবহ আইনি ভুল।
আইনগত ব্যাখ্যা ও ঝুঁকি:
১. তথ্য জালিয়াতি ও প্রতারণা: মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন অনুযায়ী, নিকাহনামার ৫ নম্বর কলামে কনের অবস্থা (কুমারী, বিধবা বা তালাকপ্রাপ্তা) স্পষ্টভাবে উল্লেখ করতে হয়। এখানে ভুল তথ্য দেওয়া দণ্ডবিধির আওতায় প্রতারণা ও জালিয়াতি হিসেবে গণ্য হতে পারে।
২. জেল ও জরিমানা: যদি কোনো পক্ষ প্রমাণ করতে পারে যে বিয়ের সময় গুরুত্বপূর্ণ তথ্য (যেমন আগের বিয়ে বা তালাক) গোপন করা হয়েছে, তবে দণ্ডবিধি অনুযায়ী প্রতারণার অভিযোগে কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।
৩. অধিকার আদায়ে বাধা: পরবর্তী সময়ে স্বামী যদি নির্যাতন করেন বা দেনমোহর দিতে অস্বীকার করেন, তখন স্বামী পাল্টা এই জালিয়াতির অজুহাত দিয়ে আইনি লড়াইয়ে সুবিধা নিতে পারেন। এতে স্ত্রীর দেনমোহর বা খোরপোশ পাওয়ার পথ জটিল হয়ে পড়ে।
আর অন্যদিকে স্বামী যদি এটাকে ব্যবহার নাও করেন, তবু এই দূর্বলতা একজন নারীকে সারাজীবনের জন্য কোণঠাসা করে রাখবে। তার পদে পদে ভয় আশংকা কাজ করবে। অথচ একটা ছোট্ট ভুল বা অজ্ঞতাই তার জন্য দায়ী, অতি তুচ্ছাতিতুচ্ছ সে ভুল!
[এমন ভুল তথ্যে বিয়ে পড়ানোর দায় কাজীর উপরের পড়ে। তার লাইসেন্স বাতিলসহ হতে পারে জেল জরিমানা। যেটা নিয়ে পরে আলোচনা করা হবে।]
৪. সামাজিক সুরক্ষা: মনে রাখবেন, আপনার আগের বৈবাহিক অবস্থা আপনার বর্তমান সত্তার অংশ। এটি গোপন করা মানেই নিজেকে ব্ল্যাকমেইলের ঝুঁকিতে ফেলে দেওয়া। আইনিভাবে স্বচ্ছ থাকলে আপনার অবস্থান সবসময় শক্তিশালী থাকবে।
আপনার জন্য পরামর্শ: আইনকানুনগুলো একই হলেও প্রতিটি ঘটনা ও প্রেক্ষাপট ভিন্ন হয়। তাই যেকোনো জটিলতায় বা কাবিননামা সংশোধনের প্রয়োজনে একজন দক্ষ আইনজীবীর সাথে সরাসরি পরামর্শ করা জরুরি। সত্য গোপন করে নয়, বরং আইনিভাবে সচেতন হয়ে জীবন শুরু করুন।