স্বামীর ফোনে অপরিচিত মেসেজ বা কল – হুট করে রিয়্যাক্ট করার আগে লেখাটি পড়ুন!
একটি সাজানো সংসার বিষিয়ে ওঠার জন্য একটি ‘সন্দেহ’ই যথেষ্ট। অনেক সময় দেখা যায়, আবেগপ্রবণ হয়ে হুটহাট রিয়্যাকশন দেখানোর ফলে হিতে বিপরীত হয়। প্রমাণ ছাড়াই অভিযোগ তুললে স্বামী আরও বেশি সতর্ক হয়ে যান অথবা উল্টো আপনার ওপর চড়াও হওয়ার সুযোগ পান। একজন আইনজীবী হিসেবে আমি দেখেছি, সঠিক কৌশলের অভাবে অনেক নারী নিজের আইনি অধিকারটুকুও শেষ পর্যন্ত প্রমাণ করতে পারেন না।
কয়েকদিন আগের একটি ঘটনার সারমর্মটুকু শুনুন।
পরকীয়ার ব্যাপারে আমার কথা হয়েছে এক নারীর সাথে। তিনি তার স্বামীর পরকীয়ার সন্দেহ করে কোনো প্রমাণ সংগ্রহ করা ছাড়াই চিৎকার-চেঁচামেচি, ভয়-ভীতিসহ সংসাথে অশান্তি শুরু করে দেন। শুধু এখানেই থেমে থাকেন নাই, সুযোগ বুঝে এক এক করে স্বামীর দিকের পরিচিত প্রায় আত্মীয়স্বজনকে ঘটনার বর্ণনা দেয়ার চেষ্টা করেন। যদিও তিনি কাউকেই প্রমাণ বা ঘটনার আদ্যোপান্ত কিছুই বলতে পারেন নাই!
ফলাফল কী হলো?
ঘটনার পরম্পরায় যতদূর ধারণা করা হচ্ছে, স্ত্রী অযাচিত ও অতিরিক্ত প্রতিক্রিয়ায় স্বামী তার ফোন থেকে সব তথ্য মুছে ফেলছেন এবং উল্টো স্ত্রীর বিরুদ্ধে ‘মানসিক নির্যাতন’ ও ‘মিথ্যা অপবাদের’ অভিযোগ তুলে তালাকের নোটিশ পাঠিয়ে দিয়েছে। অথচ হাতে পর্যাপ্ত প্রমাণ থাকলে আইনত স্ত্রীর অবস্থান অনেক বেশি শক্তিশালী হতো।
সন্দেহ হলে প্রথমেই যা করবেন (আইনি ও কৌশলগত পরামর্শ):
১. ধৈর্য ধরুন ও পর্যবেক্ষণ করুন: চিৎকার বা ঝগড়া না করে শান্ত থাকুন। আপনার অস্থিরতা তাকে সতর্ক করে দেবে। স্বাভাবিক আচরণ বজায় রেখেই তার চলাফেরা বা ফোন ব্যবহারের ধরণ পর্যবেক্ষণ করুন।
২. প্রমাণ সংগ্রহ করুন: আইনের চোখে অভিযোগের চেয়ে প্রমাণের দাম বেশি। স্ক্রিনশট, অডিও রেকর্ড, ভিডিও বা কোনো হোটেলের বিল- যাই পান না কেন, তা নিজের কাছে বা বিশ্বস্ত কোনো ড্রাইভে সংরক্ষণ করুন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার আইনের সীমাবদ্ধতা মাথায় রেখে তথ্য সংগ্রহ করতে হয়।
৩. আর্থিক ও আইনি নথি গোছান: যদি পরিস্থিতি আইনি লড়াই পর্যন্ত গড়ায়, তবে আপনার বিয়ের কাবিননামা, দেনমোহরের পরিমাণ এবং পূর্বের কোনো খরচের হিসাব হাতের কাছে রাখুন।
৪. তৃতীয় পক্ষকে জড়ানোর আগে সাবধান: হুট করে ফেসবুক পোস্ট বা সবার কাছে বিচার দিলে আপনার সম্মান ও আইনি অবস্থান দুর্বল হতে পারে। বরং বিশ্বস্ত কোনো অভিভাবক বা একজন আইনজীবীর সাথে গোপনে পরামর্শ করুন।
আইনগত ব্যাখ্যা:
বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী, স্বামী যদি পরকীয়ার জেরে আপনাকে অবহেলা করেন বা আপনার অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন, তবে আপনি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। এছাড়া পারিবারিক আদালতের মাধ্যমে ভরণপোষণ ও সন্তানদের হেফাজত দাবি করার অধিকার আপনার রয়েছে। কিন্তু মনে রাখবেন, প্রমাণের অভাবে অনেক সময় ন্যায়বিচার পাওয়া কঠিন হয়ে পড়ে।
আপনার জন্য পরামর্শ:
প্রতিটি সম্পর্কের টানাপোড়েন বা পরকীয়ার ঘটনা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের হয়। আইন সবার জন্য একই হলেও, আপনার নির্দিষ্ট পরিস্থিতিতে প্রতিকার কী হতে পারে, তা জানতে একজন দক্ষ আইনজীবীর সাথে সরাসরি পরামর্শ করা অত্যন্ত জরুরি। আইনি লড়াইয়ে আবেগ নয়, সঠিক তথ্য ও প্রমাণই আপনার শ্রেষ্ঠ হাতিয়ার।