স্বামীর পরকীয়া প্রমাণ করবেন কীভাবে?

কিছুদিন যাবত একটা অজানা আশঙ্কা দানা বেঁধেছিল সামিয়ার মনে। তার স্বামীর সহজ স্বাভাবিক আচারণ যেন দিনে দিনে পাল্টে যাচ্ছে। মাঝে মধ্যে কানে আসছে বন্ধু স্বজনদের কানাঘুষা, তার স্বামী পরকীয়ার লিপ্ত! বিশ্বাস অবিশ্বাস বিবেচনার দোলাচলে হঠাৎ ধাক্কা খেলেও জীবন তো আর থেমে থাকছে না। তিনি প্রমাণ করতে চাইলেন, প্রমাণ খুঁজতে লাগলেন।

অতপর, দিনে দিনে বেশকিছু অস্বাভাবিতা আর প্রমাণ হাতে এলো সামিয়ার। কিন্তু এক সুকঠিন বাস্তবতায় তিনি ভাবলেন- “এগুলো কি সত্যিই আদালতে প্রমাণ হিসেবে গণ্য হবে?” নিতান্ত সাধারণ এক গৃহবধু, যেন গৃহস্থালী-ঘরকন্যা ছেড়ে দাঁড়িয়ে গেলেন আদালতের বারান্দায়।

আসুন বিস্তারিত জেনে নেয়া যাক-
স্বামীর পরকীয়া প্রমাণ করবেন কীভাবে? কোনটি গ্রহণযোগ্য? কোনটি আদালতে বাতিল হয়ে যাবে? চলুন ভেঙে দেখি-

গ্রহণযোগ্য প্রমাণ (যা আদালতের গ্রহণযোগ্যতা রাখে)-

লিখিত বা ডিজিটাল চ্যাট (Messenger বা WhatsApp অথবা SMS)। কথোপকথনে যদি প্রেম, সম্পর্ক, দেখা-সাক্ষাৎ, শারীরিক সম্পর্কের স্বীকারোক্তি থাকে- আদালত এগুলো গ্রহণ করতে পারে। প্রিন্ট কপি, স্ক্রিনশট এবং মেটাডেটা সংগ্রহে রাখা অত্যস্ত জরুরি।

কল রেকর্ডের “লগ হিস্ট্রি”। কল তালিকা (কল হিস্টরি) প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। তবে অডিও রেকর্ডিং সবসময় বৈধ নাও হতে পারে (নিচে ব্যাখ্যা আছে)।

ছবি বা ভিডিও (সন্দেহজনক অবস্থায়)। যদি এমন ছবি থাকে যা স্বামী-অন্য নারীর অন্তরঙ্গতা প্রমাণ করে- এটি শক্তিশালী প্রমাণ। কোথায়, কখন, কীভাবে পাওয়া হয়েছে- এটি উল্লেখ করতে হবে। তবে মনে রাখতে হবে, ছবি সংগ্রহের ব্যাপারে সাইবার সিকিউরিটি আইনসহ আরও কিছু আইনে সুস্পষ্ট প্রতিবন্ধকতা রয়েছে, সে কথা মাথায় রাখতে হবে।

স্বীকারোক্তি সম্বলিত ভয়েস নোট বা টেক্সট। স্বামী যদি নিজে স্বীকার করে (ভয়েস মেসেজ বা লিখিত), এটি সরাসরি আদালতে গুরুত্ব পায়।

সাক্ষীর বিবৃতি। বিশ্বস্ত, নিরপেক্ষ সাক্ষী যদি এই ঘটনাগুলি সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারে- তাদের সাক্ষ্য আদালতের চোখে শক্তিশালী।

আর্থিক লেনদেন বা হোটেল বুকিং অথবা মোবাইল লোকেশন। বিকাশ বা ব্যাংক স্টেটমেন্ট- অন্য নারীর সাথে ব্যয় করা টাকার রশিদ। এছাড়াও, হোটেল, রুম বুকিং। গুগল লোকেশন হিস্টরি, এসব আদালতে পারিপাশ্বিক সাক্ষ্যপ্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে।

অগ্রহণযোগ্য বা বিতর্কিত প্রমাণ (যা আদালতে বাতিল হতে পারে)

গোপনে রেকর্ড করা অডিও। বাংলাদেশে গোপনে অডিও রেকর্ড করা গোপনীয়তা লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। সব ক্ষেত্রে আদালত এটি বিবেচনা করে না।

পাসওয়ার্ড ভেঙে পাওয়া তথ্য। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের পাসওয়ার্ড ভেঙে তথ্য নেওয়া বেশিরভাগ সময় অবৈধ সংগ্রহ বলে গণ্য হয়। এগুলো আদালতে আপত্তির মুখে পড়ে।

গভীর ব্যক্তিগত ছবি (Privacy breach)। অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ অপরাধ হিসেবে ধরা হতে পারে। আদালত অনেক ক্ষেত্রে এই প্রমাণ বাতিল করে।

ফেইক প্রোফাইল থেকে সংগ্রহ- গ্রহণযোগ্য নয়। ভুয়া আইডি দিয়ে তথ্য সংগ্রহ করলে তার বিশ্বাসযোগ্যতা কমে যায়। এছাড়াও, ইচ্ছাকৃত ফাঁদ পেতে ভিডিও রেকর্ড করা। ট্রাপ তৈরি করে গ্রহণ করা সাক্ষ্য বেশিরভাগ ক্ষেত্রে আদালত গ্রহণ করেন না। উল্টো প্রমাণ সংগ্রহকারী পড়তে পারেন আইন লঙ্ঘনের ফাঁদে!

উপরের যাবতীয় আলোচনা সাধারণ মানুষের পরিভাষায় পরকীয়া বলা হলেও, আদালতে এগুলোকে পরকীয়া হিসেবে দেখানোর কোন উপায় নেই। তবে এগুলোকে অন্যান্য আরও অনেকগুলো আইনে প্রতিকার পাবার জন্য যথার্থ প্রমাণ হিসেবে উল্লেখ করা যাবে এবং যদি পরকীয়া সংঘটিত হয় অথবা বিবাহ বর্হিভূত সম্পর্ক, তবে এগুলো মূল্যবান প্রমাণ হিসেবে ব্যবহার হবে।

আপনার জন্য পরামর্শ: আইনকানুনগুলো একই হলেও প্রতিটি ঘটনার প্রেক্ষাপট আলাদা। আপনার পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে নিরাপদ ব্যবস্থা নির্ধারণ করতে একজন দক্ষ আইনজীবীর সাথে অবশ্যই পরামর্শ করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top