“আমি তালাক দিলে নাকি দেনমোহর পাবো না?” – এই একটি ভুল ধারণার কারণে কত হাজার নারী বছরের পর বছর অশান্তির সংসার সয়ে যাচ্ছেন, তার হিসাব নেই।
মিসেস কল্পনা বেগম, গত ১০ বছর ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার। তিনি বিচ্ছেদ চান, কিন্তু তার পরিবার এবং সমাজ তাকে বোঝাচ্ছে, “তুমি যদি নিজে থেকে তালাক দাও, তবে কাবিননামার ৫ লক্ষ টাকা দেনমোহরের একটা পয়সাও পাবে না। তখন খাবে কী? তার চেয়ে মুখ বুজে সহ্য করো।”
কল্পনা নিত্যদিন দোটানায় ভোগেন। তিনি জানেন না যে, বাংলাদেশের আইন তাকে কী সুরক্ষা দিয়েছে। আমাদের সমাজে ‘স্ত্রী তালাক দিলে দেনমোহর বাতিল’, এই মিথ্যা প্রচারটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় নারীদের দমানোর জন্য। চলুন জেনে নেয়া যাক, স্ত্রী তালাক দিলে কি দেনমোহর বাতিল হয়ে যায় কিনা?
আইনগত ব্যাখ্যা:
১. স্ত্রী কর্তৃক তালাক (Talaq-e-Tafweez): যদি কাবিননামার ১৮ নম্বর কলামে স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা দেওয়া থাকে এবং সেই ক্ষমতা বলে স্ত্রী তালাক দেন, তবে তার দেনমোহরের অধিকার বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয় না। তিনি আইনত তার সম্পূর্ণ দেনমোহর পাওয়ার অধিকারী। স্বামী তালাক দিক বা স্ত্রী, উভয় ক্ষেত্রেই অনাদায়ী দেনমোহর পরিশোধ করা স্বামীর আইনি বাধ্যবাধকতা। বাংলাদেশের সিংহভাগ বিয়েতে এই ১৮ নং কলামে স্ত্রীকে তালাকের অধিকার দেয়া থাকে।
২. খুলা তালাক (Khula): (যদি কাবিননামায় ১৮ নং কলামে স্ত্রীকে তালাকের অধিকার না দেয়া থাকে) যখন স্ত্রী স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে বা অন্য কোনো কারণে বিচ্ছেদ চান এবং স্বামী তাতে সহজে রাজি হন না, তখন স্ত্রী দেনমোহরের কিছু অংশ বা সম্পূর্ণ অংশ ছাড় দেওয়ার বিনিময়ে যে বিচ্ছেদ করেন, তাকে ‘খুলা’ বলা হয়। এক্ষেত্রে দেনমোহর ছাড় দেওয়ার বিষয়টি পারস্পরিক আলোচনার ওপর নির্ভর করে। তবে স্ত্রী রাজি না থাকলে জোর করে দেনমোহর ত্যাগ করানো যায় না।
৩. আদালতের মাধ্যমে বিচ্ছেদ (Dissolution of Muslim Marriage Act, 1939): যদি স্ত্রী আদালতের মাধ্যমে (যেমন: স্বামীর নিষ্ঠুরতা বা অন্য কোনো কারণে) বিচ্ছেদ চান, তবে আদালত বিচার বিশ্লেষণ করে দেনমোহরের আদেশ প্রদান করেন। এক্ষেত্রেও স্ত্রী তালাক চেয়েছেন বলেই দেনমোহর পাবেন না, এমন কোনো বিধান আইনে নেই।
আইনি দৃষ্টিভঙ্গি:
বাংলাদেশের পারিবারিক আদালতগুলোর অবস্থান অত্যন্ত স্পষ্ট। স্ত্রী তালাক দিলেই তার দেনমোহর বাতিল হয়ে যাবে না। দেনমোহর হলো বিয়ের একটি আবশ্যকীয় প্রতিদান, যা বিচ্ছেদের ধরনের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। সহজ কথায়, দেনমোহর বিবাহের অংশ বা বিবাহের সাথে সম্পর্কিত, তালাকের সাথে নয়।
আপনার জন্য পরামর্শ: প্রয়োজনে একজন দক্ষ আইনজীবীর সাথে পরামর্শ করুন। কেননা, আইনকানুনগুলো একই হলেও প্রতিটি ঘটনা ও প্রেক্ষাপট ভিন্ন হয়, তাই এর উপস্থাপন ও সমাধানও ভিন্ন হতে পারে। উপরোক্ত আলোচনায় সাধারণভাবে প্রতিকারগুলো কী হতে পারে, সে সম্পর্কে আলোকপাত করা হলো।