ভার্চুয়াল পরকীয়া কীভাবে নীরবে ভেঙে দিচ্ছে সংসার?

স্ক্রিনের ওপাশে মায়া, নাকি সাজানো সংসার ধ্বংসের ফাঁদ?

“আমরা তো শুধু চ্যাট করি, দেখা তো করি না!” – বর্তমান সময়ে অনেক দম্পতির মুখে এই একটি অজুহাত প্রায়ই শুনি। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, শুরুতে এই ‘ভার্চুয়াল সম্পর্ক’ বা ডিজিটাল আলাপচারিতাই আজ অধিকাংশ বাস্তব ঘর ভাঙার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোনের স্ক্রিনে বুঁদ হয়ে থাকা মানুষটি যখন নিজের জীবনসঙ্গীর চেয়ে ইনবক্সের অচেনা কাউকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন, তখনই শুরু হয় একটি পরিবারের পতন।

হৃদয় ভাঙার একটা ঘটনার শুনুন। আমার পরিচিত এক দম্পতি, দীর্ঘ ১২ বছরের সংসার। স্বামী বিদেশ থাকতেন। স্ত্রী একাকীত্ব কাটাতে সোশ্যাল মিডিয়ায় এক অপরিচিত ব্যক্তির সাথে নিয়মিত কথা বলতে শুরু করেন। তিনি ভেবেছিলেন এতে কোনো ক্ষতি নেই, কারণ তারা তো কখনো দেখা করেননি। কিন্তু ধীরে ধীরে সেই ‘ভার্চুয়াল মায়া’ আসক্তিতে রূপ নেয়।

ভদ্রমহিলা নিজের অজান্তেই পারিবারিক গোপনীয়তা শেয়ার করতে শুরু করেন সেই লোকের সাথে। এদিকে ধীরে ধীরে যথেষ্ঠ তথ্যের জমানো ভান্ডার হাতে নিয়ে একদিন সেই ব্যক্তি ব্ল্যাকমেইলিং শুরু করলে বিষয়টি আদালতে গড়ায়। একটি সাজানো সংসার আজ শুধু ‘ভার্চুয়াল পরকীয়া’র কারণে আইনি লড়াই আর অপমানের বারান্দায় দাঁড়িয়ে। আর সেই সাজানো সংসার, এখন শুধুই গল্প যেন!

ভার্চুয়াল পরকীয়া বলতে কী বোঝায়?

সোশ্যাল মিডিয়া, মেসেঞ্জার, ভিডিও কল বা অনলাইন যোগাযোগের মাধ্যমে বিবাহ বহির্ভূত আবেগী বা ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়াকে সাধারণভাবে ‘ভার্চুয়াল পরকীয়া’ বা ‘বিবাহ বর্হিভূত সম্পর্ক’ বলা হয়। এখানে অনেক সময় শারীরিক সম্পর্ক না থাকলেও, অতিরিক্ত আবেগী নির্ভরতা, গোপন যোগাযোগ, দাম্পত্য অবহেলা বা মানসিক দূরত্ব, ইত্যাদি সংসারে বড় ধরনের সংকট তৈরি করে।

ভার্চুয়াল পরকীয়া ঠেকানোর উপায় ও আইনি ব্যাখ্যা:

পারিবারিকভাবে ও আইনত এই অনাচার প্রতিরোধের কিছু কার্যকর উপায় আলোচনা করা হলো:

১. ডিজিটাল বাউন্ডারি সেট করা:

স্বামী-স্ত্রী একে অপরের প্রতি স্বচ্ছতা বজায় রাখুন। পাসওয়ার্ড শেয়ার করা জরুরি নয়, কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় ও সীমা নিয়ে আগে থেকেই পারস্পরিক বোঝাপড়া থাকা দরকার।

২. মোবাইলের চেয়ে মানুষকে সময় দিন:

একই ঘরে থেকেও আজ অনেক দম্পতি আলাদা জগতে বাস করেন। প্রতিদিন কিছু সময় শুধুই পরিবারের জন্য রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, প্রতিটি অনলাইন বন্ধুত্ব পরকীয়া নয়, আবার “শুধু চ্যাট”, বলে সবকিছু হালকাভাবে নেওয়াও ঠিক নয়।

৩. সন্দেহ নয়, সচেতনতা জরুরি:

অকারণে নজরদারি বা অপমানজনক পরিস্থিতি আরও খারাপ করতে পারে। বরং সমস্যার মূল কারণ বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, “পাসওয়ার্ড” গোপন রাখার চেয়ে সম্পর্কটা রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

৪. পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চা করুন:

পারস্পরিক দায়িত্ববোধ, সম্মান ও নৈতিকতা, সংসার টিকিয়ে রাখার সবচেয়ে বড় ভিত্তি। এই চর্চাটাই আমাদের সম্পর্কগুলোকে আগলে রাখতে পারে।

৫. দণ্ডবিধি ৪৯৭ ধারা ও ডিজিটাল এভিডেন্স:

বাংলাদেশে দণ্ডবিধির ৪৯৭ ধারা এখনো বহাল আছে। মনে রাখবেন, ভার্চুয়াল জগতে কোনো অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়া এবং তার মাধ্যমে দাম্পত্য সম্পর্কের ক্ষতি করা আইনিভাবে আপনার অবস্থানকে দুর্বল করে দেয়। চ্যাট হিস্ট্রি বা স্ক্রিনশট আদালতে চারিত্রিক স্খলনের প্রমাণ হিসেবে পেশ করা যায়।

৬. পারিবারিক সচেতনতা ও কাউন্সেলিং: কোনো অঘটন ঘটার আগেই ঘরে কথা বলুন। যদি মনে হয় সঙ্গী আসক্ত হয়ে পড়ছেন, তবে বিশেষজ্ঞের সাহায্য নিন। বিবাহ বিচ্ছেদই সবসময় সমাধান নয়, অনেক ক্ষেত্রে সঠিক আইনি মধ্যস্থতা সংসার বাঁচাতে সাহায্য করে।

৭. ব্ল্যাকমেইলিং থেকে সাবধান: ভার্চুয়াল সম্পর্কের সবচেয়ে বড় ঝুঁকি হলো সাইবার অপরাধ। যদি কেউ আপনার ব্যক্তিগত ছবি বা তথ্য নিয়ে ব্ল্যাকমেইল করে, তবে ভয় না পেয়ে দ্রুত আইনি পদক্ষেপ নিন। তবে শুধুমাত্র সন্দেহ নয়, আদালত সাধারণত বাস্তব পরিস্থিতি, আচরণ ও প্রমাণ বিবেচনা করে। সংসার ভাঙে একদিনে নয়, ধীরে ধীরে তৈরি হওয়া মানসিক দূরত্ব থেকেই।

মনে রাখা দরকার, উপরোক্ত উপায়গুলো হাজারো উপায়ের মধ্যে অল্প কয়েকটি মাত্র।

আইনজীবীর পরামর্শ: ভার্চুয়াল পরকীয়াকে হালকাভাবে দেখার সুযোগ নেই। এটি মানসিকভাবে বিচ্ছেদ ডেকে আনে এবং শেষ পর্যন্ত আইনি জটিলতায় রূপ নেয়। তবে মনে রাখবেন, আইন সবার জন্য একই হলেও প্রতিটি ঘটনা ও প্রেক্ষাপট ভিন্ন হয়, তাই এর উপস্থাপন ও সমাধানও ভিন্ন হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top