পরকীয়া মোবাইল ফোন ছাড়াও আর যেভাবে ধরা সম্ভব [মনোবৈজ্ঞানিক বিশ্লেষণসহ]

পরকীয়া শুধু মোবাইল ফোনের চ্যাট, কল লিস্ট বা স্ক্রিনশট দিয়ে ধরা যায়- এটা একটা মারাত্মক ভুল ধারণা। বাস্তবে মোবাইল ছাড়া আরও বহু আচরণগত, সামাজিক, আর্থিক ও শারীরিক সূচক থাকে, যা আইনি ও মনোবৈজ্ঞানিকভাবে “রেড ফ্ল্যাগ” হিসেবে বিবেচিত হয়।

এগুলো প্রমাণ নয়, তবে সন্দেহকে যুক্তিসঙ্গত করতে পারে, যা পরবর্তী আইনি পদক্ষেপ বা সালিস অথবা পরামর্শের জন্য কাজে লাগে। চলুন বিস্তারিত জেনে নেয়া যাক-

আচরণগত, সামাজিক ও প্রমাণসংগ্রহের বাস্তব উপায়:

আচরণগত পরিবর্তন:

এসব পরিবর্তন সাধারণত প্রথমেই ধরা পড়ে। পরকীয়া আক্রান্ত ব্যক্তি নিজের অজান্তেই এই আচরণগুলো করে থাকে বা নিয়ন্ত্রণ করতে পারে না।

যেমন, বাড়িতে কম সময় থাকা, ছোটখাটো কথায় অতিরিক্ত রাগ বা বিরক্তি প্রকাশ, হঠাৎ আলাদা রুমে ঘুমানো বা দূরত্ব তৈরি করার প্রবণতা, অকারণে ফোন সাইলেন্ট বা ফ্লাইট মোডে রাখা, নিজের চেহারা-গোছগাছ নিয়ে অস্বাভাবিক আগ্রহ এবং সবসময় ব্যস্ততা দেখানো, কিন্তু কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই ইত্যাদি।

আর্থিক আচরণের পরিবর্তন:

পরকীয়ায় সাধারণত কিছু খরচ লুকানো থাকে। যেমন, অকারণে টাকা উত্তোলন, ক্রেডিট বা ডেবিট কার্ডের অচেনা বিল, রাইড-শেয়ার, হোটেল বা গিফট শপ অথবা রেস্টুরেন্টের সন্দেহজনক খরচ, আকস্মিক “ফোনে টাকা পাঠানো” বা “হিসাব এডজাস্ট” ইত্যাদি; এগুলো Circumstantial Indication বা পারিপার্শ্বিক ইঙ্গিত হিবেসে বিবেচিত করা যেতে পারে। যা পরবর্তী তদন্তে সহায়ক হতে পারে।

অবস্থানগত অসামঞ্জস্য:

মোবাইল ছাড়াও, অফিসে যাওয়ার কথা বলে অন্যত্র দেখাতে পাওয়া, বন্ধুদের কাছে বলা কথার সাথে আচরণ মিল না থাকা, রাতবিরাতে একই জায়গায় নিয়মিত উপস্থিতি, ইত্যাদি; এগুলো সাক্ষ্য হিসেবে ব্যবহারযোগ্য, বিশেষ করে সাক্ষীর জবানবন্দি আকারে।

তৃতীয় ব্যক্তির সাক্ষ্য:

সকলই পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্ক গোপন করার চেষ্টা করেন। কিন্তু বাসার সিকিউরিটি গার্ড, ড্রাইভার, প্রতিবেশী বা অফিস সহকর্মী অথবা আত্মীয়-স্বজন, পরিচিতজনের কাছে বিভিন্ন পন্থায় ভুল করে কিছু তথ্য থেকে যায়। সাক্ষ্য আইন অনুযায়ী, এই সাক্ষ্য গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণযোগ্য হতে পারে।

পারিবারিক আচরণ ও যোগাযোগের বিচ্ছেদ:

বাচ্চা বা পরিবারের দায়িত্বে অনাগ্রহ, সম্পর্ক টিকিয়ে রাখতে কোনো আগ্রহ না দেখানো, যৌন সম্পর্ক এড়িয়ে চলা বা অস্বাভাবিক কমে যাওয়া, সম্পূর্ণ গোপনীয় জীবনযাপন শুরু করা, ইত্যাদি; এগুলো মনোবিজ্ঞানেও ‘Relationship Withdrawal Indicators’ বা ‘সম্পর্ক প্রত্যাহারের সূচক’ নামে পরিচিত।

ডিজিটাল ফরেনসিক ছাড়া সাধারণ টেক-সূত্র:

ফোন ছাড়াও, ল্যাপটপ বা ডেস্কটপে অস্বাভাবিক ব্রাউজিং হিস্ট্রি, গুগল ম্যাপ টাইমলাইন (মোবাইল ছাড়া, ডিভাইস ল্যাপটপ থেকেও লগ থাকে), ইমেইলে ডিলিটেড বা আর্কাইভড আলাপ, স্মার্টওয়াচে লোকেশন বা ফিটনেস রুট, গাড়ির জিপিএস রেকর্ড, ইত্যাদি; এগুলো ‘Circumstantial Evidence’ বা পারিপার্শ্বিক সাক্ষ্য, যা সরাসরি অপরাধ-প্রমাণ নয়, কিন্তু ঘটনা বা মামলাকে শক্তিশালী করে।

শারীরিক-মানসিক পরিবর্তন:

পরকীয়ায় যুক্ত হলে সাধারণত যৌন অনীহা বা অতিরিক্ত অনিয়ম, হঠাৎ ব্যস্ততা বা ক্লান্তি, অকারণে মানসিক দূরত্ব, নিজের ফোন বা সময় নিয়ে অতিরিক্ত সজাগ থাকা, ইত্যাদি প্রবণতা দেখা দেয়। এগুলো “Pattern Evidence” বা সহযোগী সাক্ষ্য, যা মনোবৈজ্ঞানিক বিশ্লেষণে ধরা পড়ে।

আইনি দিক: মনে রাখা দরকার উপরোক্ত ঘটনাবলী পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রমাণ নয়, কিন্তু প্রমাণে পৌঁছানোর পথ। বাংলাদেশে পরকীয়া (Adultery) এখনো দণ্ডবিধির ৪৯৭ ধারায় শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু অভিযোগ করতে হলে বিশেষ প্রমাণ বা Credible Indication থাকতে হয়।

এই আপাত “Non-digital Indicators” গুলো,

  • সন্দেহের ভিত্তি তৈরি করে
  • সালিশ, কাউন্সেলিং বা আইনি নোটিশের যৌক্তিকতা প্রমাণ করে
  • ডিজিটাল ফরেনসিক বা সরাসরি প্রমাণ সংগ্রহের সুযোগ সৃষ্টি করে
  • GD বা পরবর্তীতে মামলা করতে সহায়তা প্রদান করে।

অর্থাৎ এগুলো আইনগত প্রমাণ নয়, তবে অপরাধের প্যাটার্ন তৈরি করে বা অপরাধকে চিহ্নিত করার পথে নিয়ে যায়। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, পরকীয়া সার্বিকভাবে একটি আচরণগত ‘প্যাটার্ন’, শুধু একটি কিছু ছবি, চ্যাট বা স্ক্রিনশট দিয়ে ধরা পড়ে না। মোবাইল বা ডিজিটাল ডিভাইস অথবা স্বীকারোক্তি এর শেষ প্রমাণ, এর আগেই আচরণ সব বলে দেয়।

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষ্য করুন। উপরের আলোচনাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ ও বৈজ্ঞানিক উভয় দিকে থেকে পরীক্ষা নিরীক্ষার কিছু নমুনা মাত্র। যা পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্কের লক্ষণ হিসেবে বলা হয়ে থাকে। মনোবৈজ্ঞানিক বিশ্লেষণে যা নমুনা প্রমাণ বা Pattern Evidence হিসেবে ধরা পড়তে পারে।

কিন্তু মানুষের প্রাত্যহিক জীবনে আরও হাজারটা কারণে এই লক্ষণগুলো পরিলক্ষিত হতে পারে। সুতরাং, একটা বা দুটা ঘটনাকে বিবেচনায় না নেয়া যুক্তিযুক্ত হবে। আবারও পরিস্কারভাবে বলছি, এমন কিছু লক্ষণ ঘটলেই কেউ পরকীয়ায় জড়িয়ে গেছে ভাবাটা চরম বোকামি হবে। কেননা, আরও হাজারটা কারণেও উপরোক্ত ঘটনাগুলো ঘটতে পারে। আপনার জন্য পরামর্শ: উপরোক্ত প্রতিবেদনটি সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোন স্বতঃসিদ্ধ আইন-কানুন বা বিধান নয়। আপনার চোখে তেমন কিছু ধরা পড়লে, প্রয়োজনে একজন আইনজীবীর পরামর্শ গ্রহণ করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top