স্বামীকে তালাক না দিয়েই নারীর দ্বিতীয় বিয়ে? অজ্ঞতায় বা আবেগের বশে নেওয়া সিদ্ধান্তে হতে পারে ১০ বছরের জেলের কারণ!
পরকীয়া বা আবেগের টানে ভুল করা মানুষের সংখ্যা কম নয়। কিন্তু এই ভুল যখন আইনি সীমানা অতিক্রম করে ‘দ্বিতীয় বিয়ে’ পর্যন্ত গড়ায়, তখন তা শুধু ধর্মীয় গুনাহ নয়, বরং আইনের চোখে একটি গুরুতর অপরাধ। অনেক নারী মনে করেন, কেবল একটি এফিডেভিট বা কাজি অফিসে গিয়ে বিয়ে করলেই সব বৈধ হয়ে যায়। কিন্তু প্রথম বিয়ের বৈধ বিচ্ছেদ (তালাক) এবং ইদ্দতকাল পার না হওয়া পর্যন্ত দ্বিতীয় বিয়েটি আইনত ‘অস্তিত্বহীন’ বা বাতিল।
আমার কাছে আসা এক মহিলার ঘটনা শুনুন আজ। তার স্ত্রীর দীর্ঘদিনের সম্পর্ক একজনের সাথে। বছর খানেক আগে সেই পরকীয়ার জেরে বা জোড়ে! হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান। পরে জানা গেল, তিনি তালাক না দিয়েই অন্য একজনের সাথে বিয়ে করে ঘরসংসার শুরু করেছেন।
ভদ্রমহিলা (তার স্ত্রী) ভেবেছিলেন আগের বিয়ে তো এমনিতেই শেষ। নতুন করে বিয়ের বসেছেন। সুতরাং আর কোন ঝামেলা নেই। কিন্তু স্বামী যখন দণ্ডবিধির ধারায় মামলা করলেন, তখন সেই নারীকে শুধু আদালত পাড়ায় ঘুরতেই হলো না, বরং তার দ্বিতীয় বিয়েটি বাতিলসহ পড়তে হলো কঠিন জেল জরিমানায়!
আইনগত ব্যাখ্যা ও দণ্ড:
১. বিয়ে বাতিল: আগের স্বামীকে আইনসম্মতভাবে তালাক না দিয়ে এবং ইদ্দত কাল (সাধারণত ৯০ দিন) পার না করে দ্বিতীয় বিয়ে করলে সেই বিয়েটি আইনের চোখে সম্পূর্ণ অবৈধ ও বাতিল (Void) বলে গণ্য হবে।
২. দণ্ডবিধি ৪৯৪ ধারা: যদি কোনো নারী তার স্বামী জীবিত থাকা অবস্থায় পুনরায় বিয়ে করেন, তবে দণ্ডবিধির ৪৯৪ ধারা অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের জন্য সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত জেল এবং অর্থদণ্ড হতে পারে।
৩. দণ্ডবিধি ৪৯৫ ধারা: যদি প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে করা হয়, তবে অপরাধ আরও গুরুতর। সেক্ষেত্রে দণ্ডবিধির ৪৯৫ ধারা অনুযায়ী সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত জেল ও জরিমানার বিধান রয়েছে।
৪. প্রতারণার মামলা (৪২০ ধারা): অনেক ক্ষেত্রে দ্বিতীয় স্বামী যদি জানতে পারেন যে প্রথম বিয়ের কথা গোপন করা হয়েছে, তবে তিনি স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলাও করতে পারেন। সার্বিক অবস্থার প্রেক্ষিতে হতে আরও কয়েকটি ধারার মামলা।
আইনজীবীর পরামর্শ:
আবেগ বা পরকীয়ার টানে হুট করে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত আপনার সারাজীবনের জন্য কলঙ্ক এবং জেলের কারণ হতে পারে। আইন সবার জন্য সমান এবং অত্যন্ত কঠোর। তালাক প্রদান এবং কার্যকরের একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া আছে, যা যথাযথভাবে অনুসরণ করা বাধ্যতামূলক। সবথেকে ভালো হয়, এমন কোন সম্পর্কে জড়ানো কথা কল্পনাতেও না করা!
মনে রাখবেন, প্রতিটি ঘটনার প্রেক্ষাপট ও আইনি দিক আলাদা হয়। তাই কোনো চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে আপনার বর্তমান আইনি অবস্থা বুঝতে একজন দক্ষ আইনজীবীর সাথে পরামর্শ করুন। সঠিক আইনি পথই আপনাকে ভবিষ্যৎ জটিলতা থেকে রক্ষা করতে পারে।