’দাম্পত্য অধিকার পুনরুদ্ধার’ এই আইন কি স্বামী-স্ত্রীর দূরত্ব কমাতে পারে?

স্বামী মামলা করেছেন স্ত্রীকে জোর করে ঘরে ফেরাতে, কিন্তু আইন কি কাউকে ভালোবাসতে বাধ্য করতে পারে? নাকি আদালত পারেন? সম্প্রতি আমার কাছে এক ভদ্রলোক এলেন। তিনি খুব বিচলিত। তার স্ত্রী গত তিন মাস ধরে বাবার বাড়িতে থাকছেন, ফোনেও কথা বলছেন না। ভদ্রলোকের দাবি- “আমি মামলা করে পুলিশ দিয়ে তাকে ধরে আনবো, সে কেন আমার সংসার করবে না?” আইন দিতে কাউকে খাঁচায় বন্দি করার অনুমতি চাইছেন তিনি! যদিও সত্যি সত্যি এ সংক্রান্ত আইন আছে আমাদের বাংলাদেশে।

যদিও ঠিক এখানেই আমাদের সমাজের মানুষজন বড় একটা ভুল করে বসেন। অনেকেই মনে করেন ‘দাম্পত্য অধিকার পুনরুদ্ধার’ (Restitution of Conjugal Rights) মানেই হচ্ছে স্ত্রীকে আইনি চাপে বাধ্য করে ফিরিয়ে আনা। এই ভুল ধারণার বশবর্তী হয়ে অনেক সময় সম্পর্কের তিক্ততা আরও বেড়ে যায় এবং শেষ পর্যন্ত তা বিচ্ছেদে রূপ নেয়।

আইনগত ব্যাখ্যা ও রেফারেন্স: মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয় বরং এটি একটি প্রতিকারমূলক ব্যবস্থা।

কেন এই মামলা? যদি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই স্বামী বা স্ত্রী একে অপরের থেকে আলাদা থাকেন, তবে অপর পক্ষ আদালতের মাধ্যমে তার সাথে পুনরায় ঘরসংসার করার দাবি জানাতে পারেন।

কখন করা যায়? যখন কোনো পক্ষ দাম্পত্য দায়িত্ব পালনে অস্বীকার করে। যেমন: স্বামী ভরণপোষণ দিচ্ছে না বা স্ত্রী কোনো কারণ ছাড়াই পিত্রালয়ে অবস্থান করছেন; ইত্যাদি।

আইন কী বলে বনাম বাস্তবে কী হয়:

আইন কী বলে: আদালত যদি দেখেন যে বিচ্ছেদের কোনো শক্তিশালী কারণ নেই, তবে তিনি দাম্পত্য অধিকার ফিরিয়ে দেওয়ার ডিক্রি দিতে পারেন। এটি মূলত সংসার টিকিয়ে রাখার শেষ সুযোগ হিসেবে বিবেচিত হয়।

বাস্তবে কী হয়: অনেকেই মনে করেন ডিক্রি পেলেই পুলিশ গিয়ে স্ত্রীকে হাতকড়া পরিয়ে নিয়ে আসবে। বাস্তবে আইন কাউকে শারীরিক বা মানসিক বলপ্রয়োগ করে সংসার করতে বাধ্য করে না। এই ডিক্রির মূল গুরুত্ব হলো- এটি ভবিষ্যতে খোরপোশ বা দেনমোহর সংক্রান্ত জটিলতায় আইনি ঢাল হিসেবে কাজ করে।

আপনার জন্য পরামর্শ: প্রতিটি সংসার এবং সম্পর্কের প্রেক্ষাপট আলাদা। আইন সবার জন্য সমান হলেও বাস্তব পরিস্থিতি অনুযায়ী কৌশলের পরিবর্তন প্রয়োজন। তাই এই ধরনের মামলার ক্ষেত্রে আবেগের বশবর্তী না হয়ে একজন দক্ষ আইনজীবীর সাথে পরামর্শ করুন। সঠিক আইনি পথে হাঁটলে অনেক সময় ভাঙা সংসারও জোড়া লাগানো সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top