তালাকের চিঠি গ্রহণ না করলে কি তালাক হয় না?

আইন সহায়িকা ব্যানার। “তালাকের চিঠি গ্রহণ না করলে কি তালাক হয় না?” এ বিষয়ে আইনি আলোচনার কথা উল্লেখ করেছেন অ্যাডভোকেট মমিনুল আলম রাসেল এবং নিচে তার নাম ও যোগাযোগের নম্বর রয়েছে।

প্রিয় পাঠক, তালাক সংক্রান্ত আইনি নোটিশ নিয়ে অনেকের মনেই একটি ধারণা কাজ করে যে, চিঠি গ্রহণ না করলে বা ডাকপিয়নকে ফিরিয়ে দিলে হয়তো তালাক প্রক্রিয়া থমকে যাবে। আইনের দৃষ্টিতে বিষয়টি কিন্তু সম্পূর্ণ উল্টো।

১. নোটিশ পাঠানোই কি যথেষ্ট?

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী, তালাক প্রদানকারী পক্ষকে (স্বামী বা স্ত্রী) তিনটি কাজ করতে হয়:

১. তালাক উচ্চারণ বা ঘোষণা করা।

২. স্থানীয় চেয়ারম্যান/মেয়রকে নোটিশ দেওয়া।

৩. অপর পক্ষকে (স্বামী বা স্ত্রীকে) নোটিশের অনুলিপি পাঠানো।

আইন বলে, আপনি যদি যথাযথ ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে (Registered Post) নোটিশ পাঠিয়ে থাকেন এবং আপনার কাছে সেই জমার রশিদ (Receipt) থাকে, তবে অপর পক্ষ সেটি গ্রহণ করল কি না, তাতে তালাক কার্যকরে কোনো বাধা থাকে না।

২. গ্রহণ না করলে আইনের ব্যাখ্যা

যদি কোনো পক্ষ জানাশোনা থাকা সত্ত্বেও তালাকের চিঠি গ্রহণ না করেন বা সেটি ‘অস্বীকৃত’ (Refused) হয়ে ফিরে আসে, তবে আইন ধরে নেয় যে নোটিশটি যথাযথভাবে জারি হয়েছে। অর্থাৎ প্রাপক চিঠি গ্রহণ না করলেও চিঠিতে যা লেখা ছিল তা তিনি জেনেছেন বলে আদালত গণ্য করে। আবারও বিষয়টি পরিস্কার করা যাক, আইন বলেছে, ‘তালাকের নোটিশ প্রেরণ করতে’, নোটিশ গ্রহণ করাতে বলে নাই!

৩. ৯০ দিনের হিসাব কখন শুরু হয়?

তালাক কার্যকর হওয়ার ৯০ দিনের হিসাব শুরু হয় নোটিশটি চেয়ারম্যানের কার্যালয়ে পৌঁছানোর দিন থেকে। অপর পক্ষ চিঠি গ্রহণ করুক বা না করুক, চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠানোর ৯০ দিন পার হয়ে গেলেই আইনত তালাক কার্যকর হয়ে যায়।

৪. চিঠি গ্রহণ না করলে হিতে বিপরীত হতে পারে

চিঠি গ্রহণ না করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। কারণ:

  • নোটিশ গ্রহণ না করলে আপনি আপস-মীমাংসার বা সালিসি বৈঠকে বসার সুযোগ হারাবেন।
  • আপনি জানতেই পারবেন না আপনার ইদ্দতকাল কবে শেষ হচ্ছে বা দেনমোহর দাবির আইনি সময়সীমা কখন পার হচ্ছে।
  • আপনার অনুপস্থিতিতেই একতরফাভাবে তালাক কার্যকর হয়ে যাবে।

৫. ভুল ঠিকানা দিলে কী হবে?

যদি তালাক প্রদানকারী পক্ষ ইচ্ছাকৃতভাবে ভুল ঠিকানায় নোটিশ পাঠায় এবং প্রমাণ হয় যে অপর পক্ষ নোটিশটি আসলেও পাননি, তবে সেই তালাক প্রশ্নবিদ্ধ হতে পারে এবং স্ত্রী পরবর্তীতে আদালতে এটি চ্যালেঞ্জ করতে পারেন।

সহজ কথায়, তালাকের চিঠি বা নোটিশ গ্রহণ না করে তালাক ঠেকানোর কোনো আইনি সুযোগ নেই। বরং নোটিশ গ্রহণ করে আইনের আশ্রয় নেওয়া এবং সালিসি পরিষদের মাধ্যমে মীমাংসার চেষ্টা করাই হচ্ছে সঠিক ও আইনি পথ।

আইন জানুন, আইনি জটিলতা থেকে মুক্ত থাকুন।

Share the Post:
Scroll to Top