আদালতের মাধ্যমে বিচ্ছেদ আসলে কী?

আইন সহায়িকা ব্যানার। “আদালতের মাধ্যমে বিচ্ছেদ আসলে কী?” - এ বিষয়ে আইনি আলোচনার কথা উল্লেখ করেছেন অ্যাডভোকেট মমিনুল আলম রাসেল

ডিভোর্স নোটিশ কিংবা কাজী অফিসেই কি সব শেষ? নাকি পর্দার আড়ালে থেকে যায় বড় কোনো আইনি ফাঁদ?

আমাদের সমাজে একটা সাধারণ ধারণা আছে — সংসার টিকিয়ে রাখা সম্ভব না হলে কাজী অফিসে গিয়ে একটা সই করে দিলেই বোধহয় সব চুকেবুকে গেল। অথবা একটা কাগজের নোটিশ পাঠিয়ে দিলেই দায়িত্ব শেষ।

কিন্তু একজন আইনজীবী হিসেবে প্রতিনিয়ত এমন অনেক মানুষের মুখোমুখি হই, যারা এই হুটহাট সিদ্ধান্তের কারণে পরবর্তীতে মারাত্মক আইনি জটিলতা বা প্রতারণার শিকার হয়েছেন। কেউ বছরের পর বছর ঘুরেও দেনমোহর পাচ্ছেন না, কেউ সন্তানের জিম্মাদারী হারাচ্ছেন, আবার কেউ হয়তো জানতেই পারছেন না যে তার বিচ্ছেদটি আইনগতভাবে কার্যকরই হয়নি!

তাই আজ আমরা জানবো, বিচ্ছেদের ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হওয়া কেন এবং কখন জরুরি হয়ে পড়ে।

কাজী অফিস বনাম পারিবারিক আদালত: পার্থক্যটা কোথায়?

সাধারণত নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে (স্বেচ্ছায়) বিচ্ছেদ হলে তা কাজী অফিসের মাধ্যমে রেজিস্ট্রি করা যায়। কিন্তু যখনই কোনো এক পক্ষ বিচ্ছেদে রাজি থাকে না, কিংবা বিচ্ছেদের পাশাপাশি দেনমোহর, ভরণপোষণ বা সন্তানের কাস্টডির মতো বিষয়গুলো ঝুলে থাকে, তখনই প্রবেশ ঘটে ‘মুসলিম পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫’ (Muslim Family Courts Ordinance, 1985) এর।

এই আইন অনুযায়ী, বাংলাদেশে প্রতিটি সহকারী জজ আদালতই মূলত এক একটি ‘পারিবারিক আদালত’।

কখন এবং কেন আদালতের মাধ্যমে বিচ্ছেদ জরুরি?

১. অধিকার আদায়ে অস্বীকৃতি: স্বামী যদি মুখে বা নোটিশে তালাক দিয়ে দেন, কিন্তু স্ত্রীর দেনমোহর কিংবা ইদ্দতকালীন খোরপোশ দিতে অস্বীকৃতি জানান, তখন আদালতের মাধ্যমেই তা ডিক্রি বা আদায়ের আদেশ নিতে হয়।

২. স্ত্রী যখন নিজে বিচ্ছেদ চান: স্বামী যদি তালাকের অধিকার (তালাকে তাওফিজ) না দিয়ে থাকেন এবং কোনো যুক্তিসঙ্গত কারণে (যেমন: নির্যাতন, নিখোঁজ থাকা, ভরণপোষণ না দেওয়া, ইত্যাদি) স্ত্রী বিচ্ছেদ চান, তবে ১৯৩৯ সালের মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন অনুযায়ী স্ত্রী আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের মামলা করতে পারেন।

৩. প্রতারণা থেকে বাঁচতে: অনেক সময় ভুয়া নোটিশ বা জালিয়াতির আশ্রয় নিয়ে বিচ্ছেদের নাটক তৈরি করা হয়। আইনি প্রক্রিয়া ও আদালতের সঠিক নজরদারি জানা থাকলে এই ধরণের জঘন্য প্রতারণা থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।

মনে রাখবেন, আবেগ বা রাগের মাথায় নেওয়া হুটহাট সিদ্ধান্ত জীবনে দীর্ঘমেয়াদী আইনি বিপর্যয় ডেকে আনতে পারে। আইনের সঠিক প্রক্রিয়া জানা থাকলে আপনি যেমন নিজের অধিকার রক্ষা করতে পারবেন, তেমনি অপর পক্ষের অন্যায় চাপ থেকেও মুক্ত থাকতে পারবেন। ঘর ভাঙা কখনোই আনন্দের নয়, কিন্তু যদি বিচ্ছেদ অনিবার্যই হয়, তবে তা হোক আইনসম্মত ও নিরাপদ।

Share the Post:
Scroll to Top