আইনসম্মত উপায়ে নিজেকে বাঁচিয়ে কীভাবে পরকীয়ার প্রমাণ সংগ্রহ করবেন?

“স্যার, আমি সবই জানতাম। ওর পরকীয়া চলছে… কিন্তু প্রমাণ দিতে পারিনি। এইসব স্ক্রিনশট, ছবি, কথোপকথন, কিছুই নাকি আইনে গ্রহণযোগ্য হয় না।” রুবি আক্তার নামের এক নারী আমার কাছে এসেছিলেন কদিন আগে। তার চোখ দুটো ভেজা, কাঁপা কাঁপা গলায় বললেন কথাগুলো।

একটি সংসার বাঁচাতে ‘প্রমাণের অভাব’ যে এত বড় ভূমিকা রাখতে পারে, তা অনেকেই জানেন না। রুবির মতো অসংখ্য নারী (এবং পুরুষও) ভুল পদ্ধতিতে প্রমাণ সংগ্রহ করে নিজেদের শক্ত মামলাকেই দুর্বল করে ফেলেন।

আপনার যেন এই ভুল না হয়, তাই আজ জানাচ্ছি আইনসম্মত উপায়ে কীভাবে নিরাপদে প্রমাণ সংগ্রহ করবেন।

১) স্ক্রিনশট: নিজের ডিভাইস হলে বৈধ, অন্যের ডিভাইস হলে সমস্যা:

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী, আপনার নিজের মোবাইলে যদি কোন চ্যাট, ইনবক্স, ছবি থাকে, আপনি স্ক্রিনশট নিতে ও সংরক্ষণ করতে পারবেন। কিন্তু স্বামীর ফোন খুলে, পাসওয়ার্ড ভেঙে বা অনুমতি ছাড়াই স্ক্রিনশট নেওয়া, অবৈধ অপ্রবেশ (Unauthorized Access) হিসেবে ধরা হয়।

  • তাই, নিজের ফোনে পাওয়া চ্যাট, ইঙ্গিত বা ইঙ্গিতমূলক কথোপকথন অথবা ছবি- পারিপার্শ্বিক প্রমাণ বা Circumstantial Evidence হিসেবে আদালতে জায়গা পায়।
  • হ্যাকিং, গোপনে প্রবেশ, গুপ্তচরবৃত্তি, ইত্যাদি, এগুলো মামলাকে উল্টো আপনার বিরুদ্ধে নিতে পারে।

২) অডিও রেকর্ডিং: আইনসঙ্গত সীমাবদ্ধতা:

বাংলাদেশে এক–পার্টি কনসেন্ট আংশিকভাবে স্বীকৃত। অর্থাৎ, আপনি যদি কথোপকথনের একজন অংশ হন, তাহলে রেকর্ডিং সংরক্ষণ করা যেতে পারে।

  • আপনি কথা বলছেন এবং রেকর্ড করছেন, এটি সাধারণত গ্রহণযোগ্য।
  • আপনি কথা বলছেন না, গোপনে অন্যের বা অন্যদের কথাবার্তা রেকর্ড করছেন, এটি সরাসরি অপরাধ।

একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আদালত এসব প্রমাণ মূল্যায়ন করে ‘বিশ্বাসযোগ্যতা এবং প্রেক্ষাপট’ বিবেচনায় নিয়ে।

৩) ছবি/ভিডিও: সম্মতি ও পরিস্থিতি জরুরি:

ঘরের বাইরে কোনো পাবলিক প্লেসে তোলা ছবি বা ভিডিও করা, গ্রহণযোগ্য হতে পারে (শর্তসাপেক্ষে)। কিন্তু বেডরুম, প্রাইভেট স্পেস, লুকানো ক্যামেরায় রেকর্ডিং ইত্যাদি এগুলো Privacy Violation এবং অপরাধ।

  • সন্দেহজনক আচরণ, অবস্থান, উপস্থিতির প্রমাণ হিসেবে সাধারণ ছবি কাজে দেয়।
  • নগ্ন ছবি বা ব্যক্তিগত মুহূর্তের ছবি অথবা গোপনে ধারণ করা ভিডিও সরাসরি শাস্তিযোগ্য অপরাধ।

৪) কথোপকথনের বিবরণ (কল লগ), মোবাইল লোকেশন ইত্যাদি নিরাপদ উপায়ে সংগ্রহ:

  • নিজের মোবাইলের কল লগ ব্যবহার করা যায়।
  • কিন্তু অন্যের লোকেশন ট্র্যাকিং বা হ্যাকিং সম্পূর্ণ আইনবিরুদ্ধ; তবে প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থা সেগুলো প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারবেন।

নিজের ফোনের কল লিস্ট, নিজের ব্যাংক লেনদেন, নিজের মোবাইল বিল, ইত্যাদি; এগুলোও প্রয়োগিক ক্ষেত্রে স্বামীর আচরণ পরিবর্তনের প্রাথমিক প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়।

৫) ডিজিটাল ফরেনসিক, বিশেষ পরিস্থিতিতে শক্তিশালী প্রমাণ:

যদি মামলা করতে হয়, কখনও কখনও আদালত বা পুলিশ ‘ডিজিটাল ফরেনসিক’ করতে পারে, যেখানে মোবাইল বা ল্যাপটপের ডেটা, বিশেষজ্ঞ দিয়ে উদ্ধার করা হয়। কিন্তু আপনি নিজে কোনোভাবেই স্বামীর ডিভাইস ভেঙে ডেটা টানতে পারবেন না। এটি সরাসরি অপরাধ।

৬) সাক্ষ্য, প্রতিবেশী, সহকর্মীর তথ্য, পরোক্ষ প্রমাণ হিসেবে কার্যকর:

অনেক সময় কোনো প্রত্যক্ষ প্রমাণ না থাকলেও, প্রতিবেশীর বক্তব্য, সহকর্মীর সাক্ষ্য, সংশ্লিষ্ট ব্যক্তির, আচরণ, সময়ের মিল বা অমিল, ইত্যাদি; এগুলো ‘পরোক্ষ প্রমাণ’ হিসেবে আদালতে গুরুত্ব পায়।

৭) নিজের ডায়েরি বা নোট, অবিশ্বাস্যভাবে শক্তিশালী প্রমাণ:

অনেকে জানেন না, রেগুলার ডেট-ওয়াইজ নোট, যেমন- কখন কোথায় গেছেন, কেন ঝগড়া হলো, কোন বিষয়ে অবতারণা হলো বা কিভাবে আচরণ পরিবর্তন হলো, ইত্যাদি এগুলো আদালতে অত্যন্ত কার্যকর প্রমাণ হিসেবে গ্রহণযোগ্যতা পায়।

৮) হুমকি, অপমান, অস্বীকৃতি, সব সংরক্ষণ করুন:

অপমানজনক বার্তা, ভয় দেখানো, ‘যা খুশি কর’ টাইপ টেক্সট, ইত্যাদি এগুলো ভবিষ্যতে অন্যান্য মামলার ক্ষেত্রে যেমন ভরণপোষণ মামলা, ইত্যাদির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৯) আপনার সেফটি আগে, কখনোই ঝুঁকি নেবেন না:

প্রমাণ জোগাড় করতে গিয়ে স্বামীকে আঘাত করা, ফোন কেড়ে নেওয়া, ডিভাইস ভাঙা, ঝগড়া বাধানো, ইত্যাদি এগুলো আপনার জন্যই আইনি ঝুঁকি তৈরি করতে পারে।

আপনাকে নিরাপদ থাকতে হবে, আইনসঙ্গত থাকতে হবে।

১০) সবচেয়ে ভালো হলো, একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ:

কারণ, আইন সবার জন্য একই হলেও, প্রতিটি ঘটনার প্রেক্ষাপট আলাদা। কখন কোন প্রমাণ কতটা কাজে লাগবে, কখন জমা দেবেন, কখন প্রকাশ করবেন না, এগুলো পেশাদার পরামর্শ ছাড়া হয় না।

সর্বশেষ বার্তা, পরকীয়া রোধের সবচেয়ে বড় অস্ত্র হলো, সচেতনতা ও আইনসঙ্গত প্রমাণ সংগ্রহ এবং নিজের নিরাপত্তা। অবৈধ পথে প্রমাণ নিলে আপনি শক্তিশালী নন, বরং দুর্বল হয়ে পড়বেন।

বোঝানের সুবিধার্থে কথাগুলো একজন স্ত্রীর জন্য লেখা হয়েছে, তার স্বামীর পরকীয়ার প্রমাণ সংগ্রহের উপায় হিসেবে। মনে রাখবেন, উপরোক্ত পয়েন্টগুলো ঠিক একইভাবে একজন স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য তার স্ত্রীর পরকীয়ার প্রমাণ সংগ্রহের উপায় হিসেবে। বিশেষভাবে উল্লেখ্য, উপরোক্ত আলোচনা পরকীয়ার প্রমাণ সংগ্রহের কয়েকটি উপায় মাত্র। এর বাহিরে আরও হাজারো উপায় রয়েছে। একইভাবে সেগুলোও প্রয়োগ করা যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top