বাসর রাতে দেনমোহর মাফ চাওয়া বা পাওয়ার যৌক্তিকতা কী?

আইন সহায়িকা ব্যানার। “বাসর রাতে দেনমোহর মাফ চাওয়া বা পাওয়ার যৌক্তিকতা কী?” - এ বিষয়ে আইনি আলোচনার কথা উল্লেখ করেছেন অ্যাডভোকেট মমিনুল আলম রাসেল

“তুমি তো বিয়ের রাতে দেনমোহর মাফ করে দিয়েছিলে!” – স্বামীর মুখে এই একটি বাক্য কি আসলেই স্ত্রীর দেনমোহরের সকল আইনি অধিকার শেষ করে দিতে পারে?

মিসেস শারমিন ভালোবেসে বিয়ে করেছিলেন শাহেদকে। বিয়ের পর বাসর রাতেই শাহেদ তাকে আবেগপ্রবণ করে বললেন, “আমাদের মাঝে আবার টাকা কিসের? ভালোবাসা থাকলে দেনমোহর লাগে না।”স্বামীর প্রতি অগাধ বিশ্বাসে শারমিন বলেছিলেন, “ঠিক আছে, আমি তোমার কাছে দেনমোহর নেব না।”

কয়েক বছর পর যখন তাদের দাম্পত্য কলহ চরমে পৌঁছালো এবং শাহেদ তাকে তালাকের হুমকি দিলো, তখন শারমিন তার দেনমোহরের কথা তুলতেই স্বামী জবাব দিলেন, “তুমি তো বিয়ের রাতেই সেটা মাফ করে দিয়েছিলে, এখন আর কিসের দেনমোহর?” শারমিনের পায়ের নিচ থেকে হঠাৎ যেন মাটি সরে গেল। তিনি জানতেন না, এভাবে মুখের কথায় বা আবেগে করা ‘মাফ’ আইনের কাছে কতটুকু গ্রহণযোগ্য নাকি নড়বড়ে?

আজ সেই ব্যাপারটাই আইনের চোখে দেখে নেয়া যাক।

আইনগত ব্যাখ্যা:

১. মৌখিক মাফ কি বৈধ?

ইসলামী আইন এবং বাংলাদেশের পারিবারিক আদালতগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী, দেনমোহর স্ত্রীর একচ্ছত্র সম্পদ। স্ত্রী যদি স্বেচ্ছায়, সজ্ঞানে, স্বতঃস্ফূর্তভাবে এবং কোনো প্রকার চাপের মুখে বা প্রলোভনে না পড়ে দেনমোহর মওকুফ করেন, তবেই তা কার্যকর হতে পারে। কিন্তু আদালত সাধারণত শুধুমাত্র ‘মৌখিক মাফ’ কে স্বীকৃতি দিতে চায় না। দেনমোহর মাফ করার বিষয়টি অত্যন্ত জোরালোভাবে প্রমাণিত হতে হয়।

২. চাপ বা ভয় দেখিয়ে মাফ করালে তার আইনি মূল্য:

যদি স্ত্রী ভয়ভীতি, প্রলোভন কিংবা সামাজিক চাপে পড়ে দেনমোহর মাফ করেন (যেমন: “তুমি মাফ না করলে আমি ডিভোর্স দেবো” বা “মাফ না করলে তোমাকে ঘরে তুলব না, ইত্যাদি”), তবে সেই মাফ আইনের দৃষ্টিতে মোটেও গ্রহণযোগ্য নয়। মুসলিম পারিবারিক আইনের মূলনীতি হলো, জোরপূর্বক কোনো অধিকার ত্যাগ করানো আইনত অকার্যকর।

৩. আদালত বিষয়টি যেভাবে দেখে:

বাংলাদেশের আদালতগুলো সাধারণত স্ত্রীর দেনমোহর মাফ করার দাবিকে খুব সন্দেহের চোখে দেখে। বিশেষ করে বিয়ের রাতে বা দাম্পত্য জীবনের শুরুর দিকে করা ‘মাফ’ কে আদালত ‘অসংগত প্রভাব’ (Undue Influence) হিসেবে গণ্য করতে পারে।

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবার মনে রাখা দরকার, যদি স্ত্রী আদালতে এসে দাবি করেন যে, তিনি স্বেচ্ছায় মাফ করেননি, তবে স্বামীর পক্ষে তা প্রমাণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। সুতরাং, অযাচিত এইসব ‘মাপটাফ’র ব্যাপারে না যাওয়াই ভালো!

আরও গুরুত্বপূর্ণ হলো, অনেক ক্ষেত্রে মহামন্য উচ্চ আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে, বিয়ের মতো একটি পবিত্র সম্পর্কের শুরুতে স্ত্রী সাধারণত স্বামীর প্রতিকূল অবস্থানে থাকেন না, তাই সেই সময়ের কোনো মৌখিক ঘোষণাকে চূড়ান্ত অধিকার ত্যাগ হিসেবে ধরা যাবে না।

আপনার জন্য বিশেষ পরামর্শ: আইনগত প্রয়োজনে একজন দক্ষ আইনজীবীর সাথে পরামর্শ গ্রহণ করুন। কেননা, আইনকানুনগুলো একই হলেও প্রতিটি ঘটনা ও প্রেক্ষাপট ভিন্ন হয়, তাই এর উপস্থাপন ও সমাধানও ভিন্ন হতে পারে। উপরোক্ত আলোচনায় সাধারণভাবে প্রতিকারগুলো কী হতে পারে, সে সম্পর্কে আলোকপাত করা হলো।

Share the Post:
Scroll to Top